
কলকাতা: বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের চলাফেরায় স্বাধীনতা, আত্মবিশ্বাস ও স্বনির্ভরতা বাড়াতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল Mobis India Foundation। সংস্থার বিশেষ কর্মসূচি ‘Accessibility & Freedom – Empowering Wheelchair Users with Mobility Assistive Devices’-এর আওতায় কলকাতায় ৩২ জন হুইলচেয়ার ব্যবহারকারীর হাতে তুলে দেওয়া হল তাঁদের শারীরিক চাহিদা অনুযায়ী তৈরি বিশেষ মোবিলিটি ডিভাইস। শিলিগুড়ির ২৮ জনকে নিয়ে পশ্চিমবঙ্গে মোট ৬০ জন এই সুবিধা পেলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিজঅ্যাবিলিটিজ (দিব্যাঙ্গজন)-এর অধিকর্তা ড. ললিত নারায়ণন-সহ প্রতিষ্ঠানের বিশিষ্ট আধিকারিকরা এবং Mobis India Foundation-এর প্রতিনিধিরা।
IIT মাদ্রাজে উদ্ভাবিত প্রযুক্তির ভিত্তিতে কাজ করা NeoMotion-এর সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। প্রত্যেক উপভোক্তার শারীরিক গঠন ও প্রয়োজন অনুযায়ী মূল্যায়নের পর তৈরি করা হয়েছে বিশেষ হুইলচেয়ার। NeoFly হুইলচেয়ারের সঙ্গে NeoBolt মোটরচালিত অ্যাটাচমেন্ট ব্যবহারকারীদের কম শারীরিক পরিশ্রমে দীর্ঘ দূরত্ব অতিক্রমে সাহায্য করবে।
সংস্থার এই উদ্যোগ শুধু সহায়ক যন্ত্র বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা, কর্মসংস্থান, চিকিৎসা, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অংশগ্রহণ বাড়ানোই এর অন্যতম লক্ষ্য। সংস্থার জাতীয় কর্মসূচির আওতায় ৬.৩ কোটি টাকার উদ্যোগে দেশের আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৬০০ জন হুইলচেয়ার ব্যবহারকারীকে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। ব্যক্তিগত চাহিদাভিত্তিক প্রযুক্তির মাধ্যমে তাঁদের আরও স্বাধীন ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।