
কলকাতা, ১৩ অক্টোবর: আশা, স্মৃতি ও সহমর্মিতার মেলবন্ধনে দুর্গাপুজোকে আরও অর্থবহ করে তুলতে অভিনব উদ্যোগ নিল শ্যাম মেটালিক্স। সংস্থার ‘শক্তি এক, রূপ অনেক’ কর্মসূচিতে বাংলার সংস্কৃতি উদযাপনের পাশাপাশি স্বপ্নপূরণ এবং কর্তব্যরত পুলিশকর্মীদের প্রতি শ্রদ্ধা জানানোর বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
এই উদ্যোগের অন্যতম আকর্ষণ ‘ওয়াল অফ শক্তি’। এসইএল টাইগার টিএমটি বার দিয়ে তৈরি এই বিশেষ ইনস্টলেশনে থাকছে মা দুর্গার প্রতিকৃতি। দর্শনার্থীরা এখানে নিজেদের ইচ্ছার কথা জানাতে পারবেন। নির্বাচিত কিছু ইচ্ছাপূরণের দায়িত্ব নেবে সংস্থা। এর মাধ্যমে মানুষের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার বার্তা তুলে ধরতে চায় শ্যাম মেটালিক্স।
পাশাপাশি ‘শক্তি টানেল’-এ ফুটে উঠবে বাংলার শিল্প-সংস্কৃতি ও দুর্গাপুজোর নানা রূপ। দর্শনার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় দৃশ্যসজ্জা ও ছবি তোলার সুযোগ।
উৎসবের ব্যস্ততায় শহরের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের বিশ্রামের ব্যবস্থা করতে বাংলার ৩০টি পুজোমণ্ডপে তৈরি হবে ‘শক্তি বুথ’। সেখানে পুলিশকর্মীরা কিছুক্ষণ বিশ্রাম নিতে পারবেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বার্তা লেখার সুযোগও পাবেন সাধারণ মানুষ।
মুদিয়ালি ক্লাব, নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতি এবং টালা বারোয়ারি দুর্গোৎসব সমিতিতে থাকছে বিশেষ আয়োজন। সংস্থার আধিকারিকদের বক্তব্য, সমাজের পাশে দাঁড়ানো, স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়া এবং মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশের মধ্যেই শক্তির প্রকৃত সার্থকতা।