
কলকাতা: ঐতিহ্য, সংস্কৃতি ও বিনোদনের মেলবন্ধনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে করবাচৌথ উৎসব উদযাপন করল হিন্দুস্থান ক্লাব লিমিটেড। ক্লাবের সদস্যদের নিয়ে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উৎসবের আমেজের পাশাপাশি গুরুত্ব পেয়েছে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধন। গান, মজাদার খেলা এবং বিশেষ খাদ্যসম্ভারের আয়োজনে আনন্দমুখর হয়ে ওঠে গোটা অনুষ্ঠান।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ‘আলটিমেট আইসব্রেকার গেম’, ‘মিউজিক্যাল হাউজি’ এবং ‘গেস দ্য ব্র্যান্ড’ প্রতিযোগিতা। এই অভিনব খেলাগুলিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন ক্লাবের সদস্যরা। অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন বিশিষ্ট গেমস কো-অর্ডিনেটর দীপশিখা কান্দোই। প্রতিযোগীদের উৎসাহিত করতে ছিল আকর্ষণীয় পুরস্কার ও উপহারের ব্যবস্থাও। পাশাপাশি বিশেষভাবে সাজানো খাবারের আয়োজন অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে।
হিন্দুস্থান ক্লাব লিমিটেডের সভাপতি সি. এস. সারদা বলেন, করবাচৌথ ঐতিহ্য, একাত্মতা ও পারস্পরিক সম্পর্কের এক সুন্দর উদ্যাপন। সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানিয়ে সদস্যদের মধ্যে যোগাযোগ ও সৌহার্দ্য বাড়াতে ক্লাব বরাবরই এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
ক্লাব কর্তৃপক্ষের মতে, করবাচৌথের মতো উৎসব উদ্যাপনের মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়। ঐতিহ্য ও আধুনিক বিনোদনের এই মেলবন্ধন হিন্দুস্থান ক্লাবের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করল।