
শৌভিক ব্যানার্জি, কলকাতা: ভারতীয় রাগবির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। প্রথমবারের মতো রাগবি প্রিমিয়ার লিগ (RPL)-এ অংশ নিতে চলেছে কলকাতার নিজস্ব ফ্র্যাঞ্চাইজি কলকাতা বঙ্গ টাইগার্স। ১১টি দেশের ২৬ জন খেলোয়াড়কে নিয়ে গড়া এই দলটিতে রয়েছেন অলিম্পিয়ান, বিশ্বচ্যাম্পিয়ন, জাতীয় চ্যাম্পিয়ন এবং আন্তর্জাতিক মঞ্চে সাফল্য অর্জনকারী একাধিক তারকা রাগবি খেলোয়াড়।
পূর্ব ভারতের রাগবি ক্রীড়ার বিকাশে এই উদ্যোগকে মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। একইসঙ্গে, কলকাতা বঙ্গ টাইগার্স উইমেন দলের আত্মপ্রকাশও বিশেষ তাৎপর্যপূর্ণ। চলতি মরশুমে দেশের মাত্র চারটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে কলকাতা একটি, যারা পুরুষ ও মহিলা—উভয় বিভাগেই দল নামাচ্ছে।
দল ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাগবি ইন্ডিয়ার সহ-সভাপতি সানায়া মেহতা ব্যাস। তিনি বলেন, “রাগবির সঙ্গে কলকাতার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এই শহরের রাগবি প্রিমিয়ার লিগে প্রতিনিধিত্ব পূর্ব ভারতের ক্রীড়া বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। মহিলা দলের অন্তর্ভুক্তি আরও বেশি নারী খেলোয়াড়কে এই খেলায় উৎসাহিত করবে।”
ফ্র্যাঞ্চাইজির মুখপাত্র শ্রুতি জানান, বহু বছর ধরে ভারতে রাগবির সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা থেকেই এই উদ্যোগ। পুরুষ দলের প্রধান কোচ ওসিয়া কোলিনিসাউ এবং মহিলা দলের প্রধান কোচ পল ডেলপোর্ট দলকে প্রতিযোগিতামূলক মানসিকতা ও শৃঙ্খলার সঙ্গে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
আগামী ১৬ থেকে ৩০ জুন হায়দরাবাদের গাচিবাউলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে HSBC রাগবি প্রিমিয়ার লিগ ২০২৬। প্রতিযোগিতাটি সরাসরি সম্প্রচারিত হবে জিওহটস্টার এবং স্টার স্পোর্টস ১ সিলেক্ট-এ। কলকাতা বঙ্গ টাইগার্সের লক্ষ্য, আন্তর্জাতিক মানের পারফরম্যান্সের মাধ্যমে ভারতীয় রাগবিতে নতুন দিগন্তের সূচনা করা।