
শৌভিক ব্যানার্জি, কলকাতা: বিশ্ব ব্রেন টিউমার দিবস উপলক্ষে সিকে বিড়লা হসপিটালস, সিএমআরআই-এ আয়োজিত এক সাংবাদিক বৈঠকে আধুনিক নিউরোসার্জারির অগ্রগতি এবং ব্রেন টিউমার সম্পর্কে সচেতনতার গুরুত্ব তুলে ধরলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অধিকর্তা ডা. অমিতাভ চন্দ জানান, উন্নত ইমেজিং প্রযুক্তি, নিউরোন্যাভিগেশন, ফ্লুরোসেন্স-গাইডেড সার্জারি এবং ‘অ্যাওয়েক ক্র্যানিওটমি’-র মতো আধুনিক পদ্ধতির ফলে ব্রেন টিউমার অস্ত্রোপচার এখন অনেক বেশি নিরাপদ ও কার্যকর হয়েছে। অস্ত্রোপচারের সময় মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশগুলিকে সুরক্ষিত রেখে টিউমার অপসারণের সুযোগও বেড়েছে।
হাসপাতালের ইউনিট হেড ডা. সোমব্রত রায় বলেন, সময়মতো রোগ নির্ণয় ও দ্রুত চিকিৎসা শুরু করা গেলে রোগীর সুস্থতার সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পায়। তিনি রোগী ও পরিজনদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার উদ্যোগেরও গুরুত্ব তুলে ধরেন।
বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রিসিশন মেডিসিন ব্রেন টিউমারের চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করছে। দীর্ঘদিন মাথাব্যথা, খিঁচুনি, দৃষ্টিশক্তির সমস্যা, স্মৃতিশক্তির পরিবর্তন বা শরীরে অস্বাভাবিক দুর্বলতা দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।