
শৌভিক ব্যানার্জি, ৮ জুন: আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সনাতন শিক্ষা ও নৈতিক মূল্যবোধভিত্তিক পাঠক্রমকে আরও বিস্তৃত করতে উদ্যোগী হল দক্ষিণ ২৪ পরগনার অন্যতম আধ্যাত্মিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠান গোলকধাম চন্দ্রদায় রাধা গোবিন্দ সেবাশ্রম গুরুকুল। সংস্থার পক্ষ থেকে চালু করা হচ্ছে নতুন অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম ‘দেবসেনা পরশুরাম’।
গুরুকুলের আয়োজক ও মুখপাত্র নিমাই দাস জানান, বর্তমান ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে সমাজের সর্বস্তরের মানুষের কাছে সঠিক জ্ঞান, সংস্কৃতি ও শিক্ষার আলো পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষ করে প্রাথমিক থেকে স্কুল স্তর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য এখানে নিয়মিত অনলাইন ক্লাস, বিষয়ভিত্তিক পাঠদান এবং মূল্যবোধভিত্তিক শিক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি বলেন, “গ্রাম হোক বা শহর, আর্থিক বা ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে যাতে কোনও শিক্ষার্থী শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্য নিয়েই আমাদের এই উদ্যোগ।”
আশ্রম কর্তৃপক্ষের মতে, ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি হবে। পাশাপাশি গ্রামীণ এলাকার শিক্ষার্থীরাও আধুনিক প্রযুক্তির সহায়তায় সহজেই পাঠক্রমে যুক্ত হতে পারবে। স্থানীয় শিক্ষানুরাগী মহলের বিশ্বাস, ‘দেবসেনা পরশুরাম’ শুধু একটি অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম নয়, বরং সনাতন জ্ঞানচর্চা ও আধুনিক শিক্ষাব্যবস্থার এক সৃজনশীল সেতুবন্ধন হয়ে উঠবে।