
কলকাতা: শহরের আইটি হাব সেক্টর ফাইভে স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য করতে নতুন উদ্যোগ নিল এএম মেডিক্যাল সেন্টার। সল্টলেকের ইনফিনিটি থিঙ্ক ট্যাঙ্কে আধুনিক এই স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে, যা মূলত কর্পোরেট কর্মীদের স্বাস্থ্যচাহিদা পূরণের লক্ষ্যেই তৈরি। একটানা কাজ, মানসিক চাপ ও অনিয়মিত জীবনযাপনের কারণে সেক্টর ফাইভে-র বহু কর্মী আজ নানা জীবনধারাজনিত সমস্যায় ভুগছেন। এই প্রেক্ষাপটে নতুন কেন্দ্রটি চিকিৎসা পরামর্শ, ডায়াগনস্টিক পরিষেবা এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার সুবিধা এক ছাদের নিচে দেবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তি। পাশাপাশি একটি আলোচনাচক্রের আয়োজন করা হয়, যেখানে কর্পোরেট জগতে কর্মীদের সুস্থতার গুরুত্ব নিয়ে আলোচনা হয়। বিশেষজ্ঞরা জানান, বর্তমান সময়ে কর্মীদের মানসিক ও শারীরিক সুস্থতা শুধুমাত্র ব্যক্তিগত বিষয় নয়, বরং এটি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা ও সংস্কৃতির সঙ্গেও গভীরভাবে যুক্ত।
এএম মেডিক্যাল সেন্টারের তরফে জানানো হয়েছে, দ্রুত চিকিৎসা পরিষেবা এবং নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার মাধ্যমে কর্মীদের সুস্থ জীবনযাপনে উৎসাহিত করাই তাদের মূল লক্ষ্য। নতুন এই উদ্যোগ সেক্টর ফাইভের কর্মজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।