
কলকাতা: দীর্ঘদিনের হাঁটুর যন্ত্রণা, বাতজনিত সমস্যা ও চলাফেরার সীমাবদ্ধতা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার আনন্দ উদযাপনে বিশেষ উদ্যোগ নিলেন বিশিষ্ট অস্থি ও সন্ধি বিশেষজ্ঞ শল্যচিকিৎসক ডাঃ রঞ্জন কামিল্যা। ‘দ্য সেকেন্ড ইনিংস—প্রতিটি পদক্ষেপে নতুন সূচনা’ শীর্ষক হ্যাপি পেশেন্ট গেট-টুগেদারে একত্রিত হলেন তাঁর অধীনে রোবোটিক ও আংশিক হাঁটু প্রতিস্থাপন অস্ত্রোপচার করানো রোগীরা। ডাঃ কামিল্যা কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল ও অ্যাপোলো নরেন্দ্রপুরের চিকিৎসক।
অনুষ্ঠানে রোগীরা নিজেদের সুস্থ হয়ে ওঠার অভিজ্ঞতা ভাগ করে নেন। পাশাপাশি আধুনিক হাঁটু প্রতিস্থাপন চিকিৎসার বিভিন্ন দিক তুলে ধরেন চিকিৎসক। আংশিক ও সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপনের মধ্যে পার্থক্য, রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী অস্ত্রোপচার পদ্ধতি নির্বাচন এবং রোবোটিক প্রযুক্তির ভূমিকা ছিল আলোচনার অন্যতম বিষয়।
ডাঃ কামিল্যা জানান, হাঁটুর একটি নির্দিষ্ট অংশ ক্ষতিগ্রস্ত হলে আংশিক প্রতিস্থাপন এবং একাধিক অংশে ক্ষতি ছড়িয়ে পড়লে সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে। রোবোটিক প্রযুক্তি অস্ত্রোপচারের পরিকল্পনা ও কৃত্রিম সন্ধি স্থাপনে নির্ভুলতা বাড়াতে সহায়তা করে।
তিনি বলেন, হাঁটু প্রতিস্থাপনের উদ্দেশ্য শুধু ব্যথা কমানো নয়, রোগীদের আত্মবিশ্বাস, স্বনির্ভরতা ও চলাফেরার স্বাধীনতা ফিরিয়ে দেওয়া। এই অনুষ্ঠানের মাধ্যমে অস্ত্রোপচার-পরবর্তী পুনর্বাসন ও নিয়মিত চিকিৎসকের পরামর্শের গুরুত্বও তুলে ধরা হয়।