
কলকাতা: বিশ্ব স্বাস্থ্য দিবসে প্রকাশিত অ্যাপোলো হাসপাতালের ‘হেলথ অফ দ্য নেশন ২০২৬’ রিপোর্টে দেশের স্বাস্থ্য পরিস্থিতির এক চিন্তাজনক ছবি উঠে এসেছে। রিপোর্ট অনুযায়ী, অসংক্রামক রোগ (NCD) এখন কম বয়সেই দেখা দিচ্ছে এবং অনেক ক্ষেত্রে উপসর্গ ছাড়াই থেকে যাচ্ছে।
পশ্চিমবঙ্গে ডায়াবেটিসের হার ১৮.৭%, হাইপারটেনশন ২৮.৯% এবং অ্যানিমিয়া ২৭.৭%। পাশাপাশি ৭৮.৪% মানুষ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছেন এবং ৫৫.৫% মানুষের রক্তে লিপিডের ভারসাম্যহীনতা রয়েছে। কলকাতায় ৩৫,৭৪৫ জনের স্বাস্থ্য পরীক্ষাতেও একই প্রবণতা দেখা গেছে।
রিপোর্টে আরও বলা হয়েছে, ৩০ বছরের নিচে প্রতি পাঁচজনের একজন প্রিডায়াবেটিক এবং কর্মজীবী মানুষের মধ্যে প্রায় অর্ধেক ডায়াবেটিস বা প্রিডায়াবেটিসে আক্রান্ত। ভিটামিন ডি ও বি১২-এর ঘাটতিও ব্যাপক।
বিশেষজ্ঞদের মতে, আগেভাগে স্ক্রিনিং ও স্বাস্থ্যকর জীবনযাপনই এই ঝুঁকি কমানোর মূল উপায়।